[Home]


Last updated on: SUN FEB 01 IST 2026

অর্ণব চক্রবর্তীর বাংলায় বোঝানো ইংরাজি বই

বাংলায়-বোঝানো-ইংরাজি-বই বলে একটা বইয়ের সিরিজ করেছি৷ তাতে চোদ্দোটা অংক আর প্রোগ্রামিঙের বই লিখেছি এ পর্যন্ত৷ এই পাতাটা তাদের নিয়ে৷ বইগুলো হল--
  1. Real Analysis (প্রথম খণ্ড)
  2. Real Analysis (দ্বিতীয় খণ্ড)
  3. Real Analysis (তৃতীয় খণ্ড)
  4. Modern Algebra
  5. Metric Spaces
  6. Linear Algebra
  7. Permutation and Combination (+2 level-এর জন্য)
  8. Probability and Statistics
  9. Differential Calculus (+2 level-এর জন্য)
  10. Complex Analysis
  11. Integral Calculus (+2 level-এর জন্য)
  12. Complex Algebra (+2 level-এর জন্য)
  13. Multivariable Calculus
  14. C Programming
বইগুলোতে কী আছে, কেন লিখেছি, ইত্যাদি গুরুগম্ভীর প্রশ্নে যাওয়ার আগে সহজ কয়েকটা প্রশ্নের জবাব দিয়ে নেওয়া যাক৷

বাংলায়-বোঝানো-ইংরাজি-বই মানে?

বিজ্ঞানের যে কোনো শাখাই ইংরাজিতে শেখাই ভালো৷ কিন্তু দুঃখের বিষয় যে, ইংরাজি ভাষাটা যতটা সড়গড় হলে তার মাধ্যমে বিজ্ঞান আয়ত্ত করা যায়, ততটা শেখার সুযোগ খুব কম বাঙালীর ভাগ্যেই জোটে৷ স্যুট-বুট-টাই-মণ্ডিত ইংলিশ মিডিয়মে পড়া বঙ্গসন্তানের অভাব নেই, কিন্তু তাদের দক্ষতা কাঁধ shrug করা আর বিলিতি কায়দার হাসি হাসাতে যতটা, ইংরাজি জ্ঞানের গভীরতায় ততটা নয়৷ তাদের দোষ দিতে পারি না, হাজার হোক চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র কয়েক ঘন্টা একটা বিলিতি ভাষার খানিক বুকনি শুনে তো আর রাতারাতি সে ভাষায় দক্ষ হয়ে ওঠা যায় না, বিশেষতঃ সে বুকনিগুলোর উৎস যেখানে নিতান্ত দেশী মানুষজন, যাদের নিজেদেরই ওই ভাষায় তেমন কোনো দক্ষতা নেই৷

সত্যটা এই যে, বাঙালীরা বাংলাটাই ভালো বোঝে৷ রাশিয়ানরা যেমন ভালো বোঝে রুশভাষা, বা ইটালিয়ানরা তাদের দেশের ভাষা৷ তবে তাদের সঙ্গে আমাদের প্রধান পার্থক্য এই যে, তারা সেই সহজ সত্যটা কবুল করতে লজ্জা পায় না, আমরা পাই৷

বিজ্ঞানকে বাঙালীর কাছে পৌঁছে দেবার পথে তাই ভাষার সমস্যাটা অনস্বীকার্য৷ তার একটা "সমাধান" ভেবেছিলেন সত্যেন বোস৷ তাঁর মনে হয়েছিল যে, ইংরাজী technical term-গুলোই যত নষ্টের গোড়া৷ ওগুলোকে বাংলায় তর্জমা করে ফেললেই বিজ্ঞান একেবারে পাকা আমটির মত বাঙালী হাতে টুপ করে খসে পড়বে৷ ওনার এই হাস্যকর পরিকল্পনায় অবশ্য হাসির চেয়ে কান্নার কারণই বেশী ঘটেছে৷ গুচ্ছের বাংলা পরিভাষা তৈরী হওয়া (যেগুলো ইংরাজির চেয়েও অনেক বেশী অপরিচিত, এবং যাদের কোনো standard নেই) এবং সেই জন্য নিযুক্ত কিছু "পণ্ডিত"-এর পকেটভরা ছাড়া তার দ্বারা কোনো ফল হয় নি৷ একটা কুফল হয়েছে অবশ্য৷ মানুষের মনে এই ধারণা আরও বদ্ধমূল হয়েছে যে, বাংলার মাধ্যমে বিজ্ঞান শেখার চেষ্টার মত অবাস্তব আর কিছুই হতে পারে না৷ সুতরাং এখন অধিকাংশ বাঙালীর বিশ্বাস যে, একই সঙ্গে ইংরাজী এবং ইংরাজী ব্যবহার করে বিজ্ঞান দুইই শিখে ফেলতে হয়৷ অধিকাংশই সেই দুরূহ কর্মে ক্ষান্ত দিয়ে বলে--বিজ্ঞান-টিজ্ঞান ভাই আমাদের ছেলেমেয়েদের জন্যে নয়৷ আরেক দল ইংরাজিতে বিজ্ঞান মুখস্থ করে মেরে দেবার জন্য আপ্রাণ চেষ্টা চালায় (এবং সেই সঙ্গে বাংলায় বিজ্ঞান শিক্ষার মান উত্তরোত্তর নামিয়ে আনে)৷ এরই মধ্যে বেঁচে যায় সেইসব ভাগ্যবানেরা যাদের অভিভাবক ছোটোবেলাতেই সন্তানকে সযত্নে ইংরাজি শিক্ষা দিয়ে নেন, প্রথাগত শিক্ষার তোয়াক্কা না রেখে৷ এদের সংখ্যা অত্যন্তই কম৷ অথচ কারোরই মাথায় এই অতি সহজ কথাটা আসে না যে, একবার ভেবে দেখি দুনিয়ার অন্যত্র ছেলেমেয়েরা কীকরে বিজ্ঞান শিখছে৷ ইংলণ্ড, আমেরিকা আর অস্ট্রেলিয়া বাদ দিলে বাকি কোথাওই তো আর ইংরাজী মাতৃভাষা নয়, বা ইংলিশ মিডিয়ম স্কুলেরও ছড়াছড়ি নেই৷ তারা কী সবাই সত্যেন বোসের মত নিজ নিজ ভাষায় গুচ্ছের পরিভাষা বানাচ্ছে? না, তারা নিজেদের ভাষাতেই পড়াশোনা করছে, technical term-গুলো ইংরাজীতেই রেখে৷ সেই অতি সহজ বুদ্ধির কাজটাই করার চেষ্টা করেছি আমার বইগুলোতে৷ এখানে definition, theorem এমন কি exercise, exampleএবং তাদের সমাধানও ইংরাজিতে, খালি বোঝানোগুলো বাংলায়৷ একটা উদাহরণ দেখাই--ধরা যাক একটা ইংরাজি বইতে লিখেছে
At this point we would like to remind the reader that differentiation of $\sin x$ yields $\cos x.$
ইংরাজিতে কাঁচা অংকের ছাত্রছাত্রীর কাছে কিন্তু এখানে $\sin x$ বা $\cos x $ বা differentiate করা কোনোটাই কঠিন ঠেকবে না৷ কঠিন ঠেকবে ইংরাজি বাক্যটার কাঠামো৷ সেই কষ্ট দূর করার জন্য differentiate করাকে অবকলন বা ওই রকম কোনো বিদ্‌‌ঘুটে বাংলা দিয়ে তর্জমা করে লাভ নেই, লেখার দরকার--
এইখানে একবার মনে করিয়ে দিই যে, $\sin x$-কে differentiate করলে $\cos x$ হয়৷
আমার বইতে আমি ঠিক সেটাই করেছি৷

বইগুলো কাদের জন্য?

সহজ উত্তর হল--যারা পড়ে উপকৃত হবে তাদের জন্য৷ তবে লেখার সময়ে একটা বিশেষ ধরণের পাঠকের কথা মনে রেখেই বইগুলো লেখা, যারা ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষক হতে যাচ্ছে৷ শিক্ষক বলতে আমি বলছি তাদের কথা যারা সত্যই ছাত্রদের শিক্ষকতার কাজে যুক্ত থাকেন৷ ঠাণ্ডা ঘরে বসে পলিসি তৈরী করনেওয়ালাদের কথা নয়৷ বা বেজায় নামকরা ইন্স্‌‌টিটিউটের বেজায় মোটা মোটা মাইনে পাওয়া সেই সব প্রফেসরদের কথাও নয়, যারা বড়োজোর গোটা তিরিশেক ছাত্র সামলাতেই হিমসিম খেয়ে অফিস পলিটিক্সেই সময় ব্যয় করেন বেশী৷ আমি বলছি তাদের কথা যাদের হাত দিয়ে প্রচুর ছাত্র বেরোয়, যাঁরা কোচিং ক্লাসের গোয়াল সামলান, হয়তো পার্ট-টাইমে পড়ান, কিংবা স্রেফ প্রাইভেটেই পড়ান৷ কিন্তু সত্যই যাঁরা পড়ান৷ এঁদের পড়ানোর মান খুব উঁচু হয় না, কারণ সেটা সম্ভব নয়৷ কিন্তু যদি সেই মান সামান্যও উন্নত করা যায়, তবে তার প্রভাব পড়ে বহু ছাত্রদের উপরে৷ আমার বই পড়ে লোকজন ধাঁ করে রাতারাতি অংকে পণ্ডিত হয়ে যাবে, এমন রঙীন কল্পনা করি না৷ Math Olympiad ''ক্র্যাক'' করবার হাতুড়ি এইসব বইতে নেই৷ আমার উদ্দেশ্য খালি এইটা সাব্যস্ত করা যে, অংক জিনিসটা নীরস নয়, এবং সেটা উপভোগ করার জন্য প্রচণ্ড বুদ্ধিমান বা ইংরাজীতে ভীষণ ওস্তাদ হতে হয় না৷

বইগুলোর বৈশিষ্ট্য

  1. এগুলো সাধারণ ছাত্রদের জন্য লেখা textbook. সিলেবাস ধরে লেখা৷ গত দশ বছরের প্রশ্নের সমাধান-সুদ্ধ৷ অর্থাৎ পরীক্ষা পাশের যাবতীয় উপকরণের ব্যবস্থা আছে এতে৷ কারণ আমাদের সিলেবাস ও পরীক্ষাব্যবস্থা যতই জঘন্য হোক, ওর উপস্থিতি অনস্বীকার্য৷ মুষ্টিমেয় যে কয়জন ভাগ্যবান ISI, IIT ইত্যাদি জায়গায় ঢুকে পড়তে পেরেছে, তারা নিরাপদ দূরত্বে থেকে মান্ধাতা আমলের সিলেবাসগুলো দেখে নাক সিঁটকোতে পারে৷ কিন্তু যাদেরকে বাধ্য হয়েই সেই মান্ধাতা আমলের অন্ধকূপে পচে মরতে হয়, তাদের মধ্য থেকেই ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষকরা বেরোয় বেশী৷ সিলেবাসকে হাজার ঘৃণা করলেও অগ্রাহ্য করা সম্ভব নয় তাদের পক্ষে৷
  2. বইগুলোতে অংক উপস্থাপনার মান আমার জানা কোনো international standard বইয়ের চেয়ে কম নয়৷ সিলেবাস ধরে লেখা মানে এই নয় যে, সিলেবাসেই সীমাবদ্ধ৷ সিলেবাসটা যেন খানাখন্দে পরিপূর্ণ একটা এবড়োখেবড়ো রাস্তা৷ সিলেবাস অনুযায়ী লেখা বই বলতে আমরা ভেবে নিই যেন একটা ছ্যাকরা গাড়ী যেটা সেই রাস্তার উপর দিয়ে ছাত্রদের হিড়্ হিড়্ করে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে টেনে নিয়ে যাবে৷ আর আদর্শ বই বলতে বুঝি একটা দুর্দান্ত গাড়ি যেটায় চড়লেই জীবন জুড়িয়ে যায়, খালি সেটা গন্তব্যে পৌঁছোয় না এই যা দুঃখ৷ যারা গাড়ি চড়ে খালি হাওয়া খাওয়ার উদ্দেশ্যে, সে গাড়ি কেবল তাদেরই জন্য৷ আমার বইগুলোতে আমি ওই হাওয়া খাওয়ার আরামের গাড়িগুলোকেই জুতেছি সিলেবাসের রাস্তায়, তার জন্য খানাখন্দ যেখানে যা মেরামত করে নেওয়ার দরকার করে নিয়েছি৷ এই সব বই থেকে শিখে যেন পরীক্ষায় নম্বর পেতে অসুবিধা না হয়, সে দিকে বিশেষ নজর দিয়েছি৷
  3. প্রচুর ছবি এঁকেছি বইগুলোতে৷ দেশী বইগুলোর তো কথাই নেই, বিদেশী অংক বইতেও ছবির ব্যবহার খুবই কম৷ অথচ কোনো নতুন ধারণা বোঝাতে ছবির উপযোগিতা অপরিসীম৷

আগ্রহী?

এই বইগুলো লেখার কাজটাকে মনে করা যেতে পারে একটা বড় প্রোজেক্টের অংশ৷ যে কোনো বড় প্রোজেক্টেই আগ্রহী মানুষজনের সমাবেশ কাম্য৷ কেউ যদি এই প্রোজেক্টে সামিল হতে চান তবে নীচের পন্থাগুলো ভেবে দেখতে পারেন: