সাগরপারে দিব্যি খাসা জায়গা
বোম্বে থেকে ঘন্টা দুয়েক রেলে
পটলবাবু কর্তা এবং গিন্নী,
সেথায় গেলেন সঙ্গে নিয়ে ছেলে৷
শ্রীমান ট্যাঁপা নেহাত তখন বাচ্চা,
কিন্তু ট্যাঁপার ভয়ে সকলেই ত্রস্ত৷
কোথ্থেকে এক জুটিয়ে লাঠি রাস্তায়
ভাবটা যেন কেউকেটা এক মস্ত!
সাগর দেখে গিন্নী বলেন দুচ্ছাই,
পয়সাগুলো বেবাক গেল জলে
ডোবেও না কেউ এম্নি boring জায়গা
এমনভাবে কদিন থাকা চলে?
পটল, ট্যাঁপা এবং পটল গিন্নী
চিড়িয়াখানা দেখতে গেলেন ঘুরে
সিংহ-টিংহ ছাড়াও কিনা বিস্তর
খাবার দোকান সে জায়গাটা জুড়ে!
মস্ত খাঁচায় ঘুমোচ্ছিল সিংহ
মুণ্ডু থুয়ে গরাদগুলোর পরে
কাঁপিয়ে দিয়ে খাঁচার দেয়াল সুদ্ধ
নাক ডেকে তার বিশ্রী মোটা স্বরে৷
ছবির বইয়ে সিংহ দেখে ট্যাঁপা
জানত তারা আফরিকাতে থাকে
চম্কে গেল দেখতে পেল যবে
সিংহ আবার নাকও নাকি ডাকে!
ট্যাঁপার নাকটা ঠিক টিকলো নয় তো
যেই দেখেছে সিংহেরও নাক বোঁচা
সটান গিয়ে হাতের লাঠি দিয়ে
লাগিয়েছে তায় মোক্ষম এক খোঁচা!
কার মেজাজের ঠিক বা বল থাকে
নাকের পরে এমন খোঁচা দিলে?
সিংহমশায় খপাৎ করে ধরে
গপাৎ করে ফেলল ট্যাঁপায় গিলে!
কাণ্ড দেখে পটলবাবু চম্কে
চশমাচোখে বেজায় গিয়ে ঘাবড়ে
আর্তরবে বলেন--ও গো গিন্নী,
সিংহ তোমার ট্যাঁপায় দিল সাবড়ে!
গিন্নী বলেন--কি সাংঘাতিক তাই তো,
অনাসৃষ্টি কাণ্ড একটা মাইরি!
এই না বলে কর্তা-গিন্নী মিলে
পুলিশ থানায় করতে গেলেন ডাইরি৷
পুলিশ বললে--ওই ছেলে যে আপনার
কেমন করে জানব সেটা খাঁটি?
পটলবাবু বলেন চটে--প্রমাণ?
খাঁচার বাইরে এই যে ট্যাঁপার লাঠি!
বড়বাবু তলব পেয়ে এসে
বলেন হেঁকে--মশায় কেন ক্রুদ্ধ?
পটল বলেন--সিংহব্যাটা কিনা
ট্যাঁপায় খেল নতুন কাপড়সুদ্ধ!
গিন্নী বলেন--কি ভদ্রতা এটা?
এইচি নাকি বানের জলে ভেসে?
কোন আক্কেলে ট্যাঁপার গেল প্রাণটা
পয়সা ফেলে টিকিট কেটে এসে?
বড়বাবু টাকার থলি খুলে
বলেন--কতোয় চলবে আপাততঃ?
পটলবাবু জিগেস করে শুনে--
চলতি রেটটা যাচ্ছে এখন কত?
গিন্নী শুনে বলেন ক্ষেপে--আমি
সান্কিভাঙার ক্ষ্যান্তমনি দাসী!
আমার বাছায় সিংহে খাবে অম্নি?
একটা কারো হতেই হবে ফাঁসী!
সবাই গেল ম্যাজিস্ট্রেটের কাছে
কাণ্ডখানা বললে পরিপাটি৷
প্রমাণস্বরূপ ম্যাজিস্ট্রেটের হাতে
পটল দিলেন ট্যাঁপন সোনার লাঠি৷
ধর্মাবতার নস্যি নিয়ে নাকে
বলেন--কারো কসুর নাহি এতে,
একটি বছর লাগবে বড়জোর
পটলবাবুর আবার ছেলে হতে৷
পটলগিন্নী ক্ষেপে হলেন বোম্--
থাক্ থাক্, খুব মস্করা, না, সেটা?
বাচ্চা বিয়োই সিংহে খাবে বলে,
বুড়ো বেলায় আমায় খাওয়ায় কেটা?