ট্রেকের দলে জনা ছয়েক৷ পথের ধারে বাঁশের জঙ্গল৷
থম্কে দাঁড়িয়ে পড়ল একজন৷
''দ্যাখ্ দ্যাখ্, ওই যে--''
''কি? কি?''
''ওই যে--''
''কোথায়?''
''ওই যে ওখানে-- কি একটা বড় মতন ছুটে গেল!''
''বড় মতন? জঙ্গলে? ও মা, কোথায়? কোথায়?''
''চলে গেল তো!''
''কি রকম দেখতে? ভালুকের মত? এ বনে নাকি ভালুক আছে!''
''না না, অত বড় না, কুকুরের মত বোধহয়, চোখের ভুলও হতে পারে৷''
*****
''অ্যাই শোন্ না! ভূতো একটা বড় জন্তু দেখতে পেয়েছে!''
''কি জন্তু? লাল রং?''
''বলল তো কালো৷ কেন লাল হলে কি হত?''
''কি হত কি করে? লাল মানে তো red panda!''
''ও মা, red panda! তবে কালো বলল যে!''
''যা বাঁশের জঙ্গল, আলোই তো ঢোকে না৷ লাল কালো বুঝবে কি করে?''
''তবে বোধহয় লালই হবে৷ ওরে ভূতো একটা red panda দেখেছে রে! কুকুরের মত দৌড়ে
গেল!''
''ধুৎ red panda তো বাঁশের ডালে ঝুলে ঝুলে পাতা খায়৷ কুকুরের মত দৌড়বে কেন?''
''তুই থাম্ তো! কেন দৌড়বে তা কি করে বলব? লাল রঙের জন্তু মানেই red panda!''
*****
''ওরে এখানে tower পেয়েছে!''
''মন্টুকে একটা ফোন কর্!''
''দাঁড়া না, রিং হচ্ছে... হ্যালো মন্টু? ওফ্ আমরা সবাই একটা দারুণ জিনিস দেখেছি৷
Red panda! ... আরে দুর্ ডাণ্ডা নয়, panda, panda! সেই যে বাঁশের ডালে ঝুলে ঝুলে
পাতা খায়, লাফিয়ে লাফিয়ে যায়৷ দেখাই যায় না৷ এখানে তো জঙ্গল ভীষণ ঘন! তার
মধ্যে দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছিল৷ আমরা স্পষ্ট দেখলাম৷ ওফ্ কি ভীষণ সুন্দর!
নরম নরম লাল রং! ...
দুর্, ছবি তুলব কি করে? ভীষণ জোরে ছুটে গেল যে! এসব কি ক্যামেরায় ধরা যায় ভাই?
চোখের ক্যামেরায় ধরতে হয়! তুই তো এলি না, এলে দেখতে পেতি৷ আমাদের ট্রেক ভাই সার্থক
হয়ে গেল...''