পটলবাবুর পিসে

পটলবাবুর পিসে
পরশু যাবেন গ্রীসে,
তাই সেজেছেন সাহেব তিনি
কোট পরে মিশ্‌‌মিশে ৷
সঙ্গে যাবে হারু,
চেক্‌‌ড্ লাগেজে নাড়ু,
টয়লেটে তাঁর সয় না টিসু-
তাই নিয়েছেন গাড়ু ৷
বিমান চলার ফাঁকে
বিমানসেবিকাকে
বলেন তিনি ট্যাংরামাছের
ঝোল খাওয়াতে তাঁকে ৷
উত্তরে সুন্দরী
বলল 'আয়াম সরি-
প্লেন চলেছে ভীষণ জোরে
মাছ কি করে ধরি?'
পিসে বলেন তাতে-
'ট্যাংরার ঝোল পাতে
না পাই যদি চড়ব কেন
এয়ার ইন্ডিয়াতে?
যাবই না এই প্লেনে
থামাব চেন টেনে
পাইলটকে বলো আমায়
নামাতে এইখেনে!'